সাতক্ষীরায় জেলা পুলিশের কল্যাণ সভা, ভালো কাজের জন্য পুরস্কৃত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৪:৩০ পিএম
সাতক্ষীরায় জেলা পুলিশের কল্যাণ সভা, ভালো কাজের জন্য পুরস্কৃত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মোঃ শরাফুল আলম। সভার শুরুতে বিগত মাসের বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে পুলিশ সদস্যদের নানা আবেদন ও দাবিদাওয়া উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী। সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। অধিকাংশ সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করার পাশাপাশি বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। পুলিশ সুপার তাঁর বক্তব্যে সকল পুলিশ সদস্যকে সার্ভিস রুলস বা চাকরির বিধিমালা মেনে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের মেসে উন্নত খাবার পরিবেশন, যথাযথ ড্রেসকোড মেনে পোশাক পরা, ছুটি ও টিএ বিলের ন্যায্যতা বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেন। এ ছাড়া ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা রক্ষা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। অনুষ্ঠানের শেষভাগে গত মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঅতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ প্রমুখ। এ ছাড়া সাতক্ষীরা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু হোসেন, জেলা পুলিশের দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে