গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় অংশ নেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ শামসুদ্দিন।
কর্মশালায় উঠে আসে, গ্রাম আদালত গ্রামীণ মানুষের জন্য দ্রুত, স্বল্প খরচে ও সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় পর্যায়েই মীমাংসা হওয়ায় সাধারণ মানুষকে থানা বা আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় যেতে হয় না।
বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন পরিষদ, প্রশাসন, এনজিও এবং স্থানীয় গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। প্রান্তিক মানুষের ভোগান্তি ও অযথা খরচ কমাতে এই ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর উপরও জোর দেওয়া হয়।
উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আজহারুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ চন্দ্র পাল,থানার সাব ইন্সপেক্টর সোহেল আহমেদসহ এনজিও প্রতিনিধি,সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন ।