ময়মনসিংহের গফরগাঁওয়ে দরিচারবাড়িয়া গ্রামে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় থেকে পুলিশ এই দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক কিশোর শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে জড়ো হন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে গ্রামবাসীর ভিড় জমে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল ছাই রঙের প্যান্ট, একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে দুই হাত বাঁধা এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এই গ্রামের বাসিন্দা চমক ফকির জানান, বিভৎস এই হত্যাকান্ড দেখে পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। এই পরিত্যাক্ত ভিটাটি জঙ্গলে ঘেরা ও জনবসতি না থাকায় অপরাধীরা এই স্থানটি বেছে নিতে পারে। গ্রামবাসী এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, 'নিহতের যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।'