বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কৃত হয়েছেন শেরপুরের আদর্শ কৃষক মো. আব্দুল কাদির। ২০২২ সাল থেকে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে তিনি আগাম শিম (কেরালা শিম), বরবটি, কাঁকরোল এবং পলিনেট হাউসে মাল্টি স্টার শসা ও বিভিন্ন চারা উৎপাদন করে আসছেন। কৃষি ক্ষেত্রে তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
"বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় "২০২৫-২০২৬ অর্থ বছরের প্রকল্প কার্যক্রম মূল্যায়ন ও পর্যালোচনা" শীর্ষক কর্মশালায় এই পুরস্কার প্রদান করা হয়।শুক্রবার ( ২২ মে ) ময়মনসিংহে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ মো. আব্দুস সাত্তার এবং ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সালমা আক্তার।
পুরস্কার পেয়ে আব্দুল কাদির তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "এই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করায় কৃষিবিদ ফরহাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। এতে আমার কৃষি কাজের প্রতি আগ্রহ আরও অনেক বেড়ে গেছে। এই পুরস্কার আমার জন্য এক বিশাল সম্মান।" তিনি খুব শিগগিরই দেড় বিঘা জমিতে কাঁকরোল, বারি ৭-এর দশ শতাংশ এবং কেরালা শিমের ৫০ শতাংশ চাষ শুরু করবেন। তাঁর এই সাফল্য স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।