জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হুসনে আরা ও বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন দ্বিতীয় বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ শিক্ষাজীবনে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তারা এ সম্মান অর্জন করেছেন। ২০০৭ সালে প্রধানশিক্ষক হিসেবে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে হুসনে আরা শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
অপরদিকে মো. বোরহান উদ্দিন ২০১৪ সালে বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এ পেশায় যোগদানের পর থেকে সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠেন।
তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি (বোরহান) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। এই দুই মানুষ গড়ার কারিগরদের নেতৃত্বে ধুরিয়াইল ও বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধানশিক্ষক হুসনে আরা ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মো. বোরহান উদ্দিন নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাদের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।