ফকিরহাটে

অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, থানায় মামলা

এফএনএস (খান মো: আল আউয়াল; ফকিরহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৮:০৯ পিএম
অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, থানায় মামলা

বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) ভুক্তভোগীর বাবা ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন । এ ঘটনায় পুলিশ আজ দুপুরে অভিযুক্তকে আটক করেছেন।

পুলিশ থানায় দায়ের করা অভিযোগের বরাত দিয়ে জানায়, উপজেলার সাতশৈয়া এলাকায় ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীকে ধর্ষণের ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে। শারীরিক পরিবর্তন, বমি ভাব ও অসুস্থতার লক্ষণ দেখে তার মা বিষয়টি অনুমান করেন। ২২ মে, শুক্রবার পেগনেন্সি কিড দিয়ে পরীক্ষা করলে গর্ভধারনের বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলার একটি ডায়াগনিস্টিক সেন্টারে গাইনী চিকিৎসকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করে এর সত্যতা মেলে। এরপর পরিবারের জিজ্ঞাসাবাদে সে অভিযুক্তের নাম প্রকাশ করে। পরে কিশোরীর গর্ভপাত ঘটলে একটি মানবভ্রূণ বের হয়। ভ্রূণটি পরিবারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ভিকটিমের ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করে। পরিবারের সদস্যরা সেখানে নিয়মিত খাবার পৌঁছে দিতেন। মাঝে মধ্যে ওই ভিকটিমও ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত। মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কোনো একদিন দুপুরে ভাইকে খাবার দিয়ে ফেরার পথে অভিযুক্ত তাকে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে সে বিষয়টি কাউকে জানাতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘‘থানায় ভিকটিমের বাবার দেওয়া অভিযোগ পেয়েছি। অভিযুক্ত রাছেক শেখকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে