তানোরে

আলুর কোল্ডস্টোরে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সমাবেশ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৮:১৯ পিএম
আলুর কোল্ডস্টোরে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সমাবেশ
রাজশাহীর তানোরে আলুর কোল্ড স্টোরেজ মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষকদের এক মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মে বিকেলে তানোর গোল্লাপাড়া বাজার মাঠে এ সভার আয়োজন করা হয়। রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ আলু ব্যবসায়ী জনাব মো. আহাদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি ড. ওবাইদুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুল হক, সেক্রেটারী ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, তানোর পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোকছেদ আলী, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আফজাল হোসেন ও সেক্রেটারী মাহাবুর চৌধুরী প্রমূখ। বক্তারা বলেন, কোল্ড স্টোরে আলু সংরক্ষণের নামে অতিরিক্ত ভাড়া আদায় করায় সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন। একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আলুর ন্যায্য মূল্য চাই। সভায় ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত এ সমস্যার সমাধান এবং কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার আলু ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
আপনার জেলার সংবাদ পড়তে