দেশের শিল্পায়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জন আরও শক্তিশালী করতে আসন্ন জাতীয় বাজেটে শিল্পখাতের জন্য অধিকতর প্রণোদনা, কর সুবিধা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিল্পোদ্যোক্তা ও সৈয়দ শাফকাত আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক, টেক্সটাইল ও সুতা শিল্প। এই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদন ব্যয় হ্রাস, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যন্ত জরুরি। দেশের উৎপাদিত সুতা, কাপড় ও তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকারের কার্যকর নীতি সহায়তা প্রয়োজন। শাফকাত আহমেদ জানান, বর্তমানে শিল্পখাত উচ্চ উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে শিল্প উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা কমানোর পাশাপাশি সহজ শর্তে এলসি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে প্রশাসনিক জটিলতা কমানো, অবকাঠামোগত উন্নয়ন এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এতে দেশে নতুন বিনিয়োগ বৃদ্ধি পাবে, প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে এবং শিল্পের উৎপাদন সক্ষমতা আরও সম্প্রসারিত হবে। শিল্পোদ্যোক্তা শাফকাত আহমেদের মতে, শিল্পখাতে কর অবকাশ, নগদ সহায়তা, রপ্তানি প্রণোদনা এবং স্বল্পসুদে অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা হলে নতুন উদ্যোক্তারা শিল্প স্থাপনে উৎসাহিত হবেন। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, শিল্প উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
তিনি বলেন, “শিল্পখাতের উন্নয়ন শুধু উদ্যোক্তাদের স্বার্থেই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্যও অপরিহার্য। শিল্পবান্ধব বাজেট বাস্তবায়িত হলে রপ্তানি আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে।” আসন্ন জাতীয় বাজেটে উৎপাদনমুখী শিল্পখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত, সময়োপযোগী ও বিনিয়োগবান্ধব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সায়হাম নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।