সাতক্ষীরার কলারোয়া ও সদর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১০ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণুপোনা ও ২২ বোতল মদ। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। ৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, আজ ব্যাটালিয়নের অধীনস্থ গাজীপুর, পদ্মশাখরা, ঘোনা, কাকডাঙ্গা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করেন। এর মধ্যে পদ্মশাখরা ও গাজীপুর বিওপির সদস্যরা সাতক্ষীরা সদরের শাখরা আশার মোড় এবং নিমতলা এলাকা থেকে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করেন।
অন্যদিকে, ঘোনা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে সদরের মোবারকের মোড়, হরিণার মোড় এবং কলারোয়ার তালসারি ও গোয়ালপাড়া এলাকা থেকে মোট ১০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন। এছাড়া কাকডাঙ্গা বিওপির একটি দল কলারোয়ার কেড়াগাছি সীমান্ত থেকে ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এমন চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।