আশাশুনির শ্রীউলায় মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে মাছ ভাসিয়ে দেওয়া এবং ক্ষয়ক্ষতি করার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর গোদাড়া গ্রামের মৃত জামাল উদ্দীন গাইনের ছেলে মইনুর ইসলাম বাদী হয়ে দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীউলা মৌজায় মইনুর ইসলামের আপন মামা মহব্বত আলী গাজীর পৈত্রিক ১.৬৬ একর জমির মৎস্য ঘের আছে। মহব্বত আলী গাজী বর্তমানে হজে থাকায় বিবাদীরা দীর্ঘদিন ঘেরটি জবরদখলের ষড়যন্ত্র করে আসছিল। এরই ধারাবাহিকতায়, গত ৮ জুন (সোমবার) দিবাগত রাত ১২:৩০ দিকে শ্রীউলা গ্রামের ইউনুস আলী গাজী, আনিছুর রহমান গাজী, হারুনর রসিদ, আবুল হাসান এবং আসিফ ইকবাল আলিফ দলবদ্ধ হয়ে ঘেরে প্রবেশ করে ঘেরের বাঁধ কেটে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে ঘেরে থাকা আনুমানিক ১,০০,০০০ টাকার বিভিন্ন প্রজাতির মাছ অন্য ঘেরে চলে যায় এবং বেড়িবাঁধ কেটে দেওয়ায় আনুমানিক ৮০,০০০ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়। এই ঘটনায় ভুক্তভোগীরা আশাশুনি থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।