আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে আরিফ হাসানের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৯.৪০ টার দিকে চাকলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাটের পাশে নদীতে ভাসমান অবস্থায় আরিফ হাসানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রাঘাতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।