গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বুধবার (১০ জুন ২০২৬) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দীতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন।
সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি শিল্পপ্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, কর্মপরিবেশ এবং সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেএমআই কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা শিল্পপ্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা দেশের স্বাস্থ্যখাত ও শিল্পখাতের উন্নয়নে জেএমআই ইন্ডাস্ট্রির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের অবদান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।