মামলায় আটকে রয়েছে রাজস্বের বিপুল টাকা

এফএনএস এক্সক্লুসিভ | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৮:১৭ এএম
মামলায় আটকে রয়েছে রাজস্বের বিপুল টাকা

মামলায় আটকে রয়েছে রাজস্বের বিপুল টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদালতে আটকে থাকা ওসব রাজস্ব মামলার দ্রুত নিষ্পত্তি চায়। এ ব্যাপারে এনবিআরের পক্ষ সম্প্রতি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলকে চিঠি দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টে হাইকোর্ট ও আপিল বিভাগে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত আয়কর অনুবিভাগের মামলায় জড়িত করের পরিমাণ প্রায় ৩৫ হাজার ১৬৭ কোটি ৭২ লাখ টাকা। তার মধ্যে শুধু হাইকোর্ট বিভাগে বিচারাধীন ১৬টি মামলায় আটকে আছে ১৩ হাজার ৭২৫ কোটি টাকা। এনবিআরের দাবি, ওই মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা গেলে চলতি অর্থবছরের প্রত্যক্ষ রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, অতীতের যে কোনো সময়ের বিবেচনায় চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব ঘাটতি রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এনবিআরের শুল্ক-কর আদায়ের লক্ষ্য ছিল চার লাখ ৩১ হাজার ৪৬১ কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) শুল্ক-কর আদায়ে ঘাটতি এক লাখ চার হাজার ৫৩৩ কোটি টাকা। ওই সময়ে তিন লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা আদায় হয়েছে। ওই সময়ের মধ্যে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর রাজস্বের তিন খাতের কোনো খাতেই লক্ষ্য অর্জিত হয়নি। আর আয়কর খাতে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে। ওই খাতে ঘাটতির পরিমাণ ৪৪ হাজার কোটি টাকা। তারপর ভ্যাটে ৩৫ হাজার ৩০৮ কোটি টাকা ঘাটতি রয়েছে। তাছাড়া শুল্ক আদায়ে ঘাটতির পরিমাণ ২৫ হাজার ১৯৩ কোটি টাকা।

সূত্র জানায়, চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী এনবিআরকে আদায় করতে হবে পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা। অর্থাৎ লক্ষ্য অর্জনে মে ও জুন মাসে পৌনে দুই লাখ কোটি টাকা আদায় করতে হবে। ওই হিসেবে প্রতি মাসে গড়ে ৮৮ হাজার কোটি টাকা আদায় করতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে প্রত্যক্ষ করের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চলতি অর্থবছরের শেষ দুই মাসে হাইকোর্ট বিভাগে বিচারাধীন সর্বোচ্চ রাজস্ব জড়িত মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা জরুরি। 

সূত্র আরো জানায়, আদালতে বর্তমানে ১৪টি প্রতিষ্ঠান ও দুজন ব্যক্তির করা মামলায় ১৩ হাজার ৭২৫ কোটি টাকা আটকা রয়েছে। তার মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, তিতাস গ্যাস, ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার, ইউনাইটেড এনার্জি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, এক্সিম ব্যাংক, তমা কনস্ট্রাকশন অন্যতম।

আপনার জেলার সংবাদ পড়তে