হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ বানানোর হুঁশিয়ারি ইরানের

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০১:০৫ পিএম
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ বানানোর হুঁশিয়ারি ইরানের
ছবি, সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুশিঁয়ারি উচ্চারণ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বার্তায় জানিয়েছে, “হরমুজ প্রণালিকে অনিরাপদ করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘নরকে’ পরিণত করা হবে।”

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সতর্ক করে বলেছেন, খবর তাসনিম নিউজের। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেনারেল মুসাভি বলেন, “আপনারা পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করবেন?! আমরা পুরো ইরান থেকে আপনাদের জন্য এই অঞ্চলটিকে নরকে পরিণত করব।”

তিনি আরো বলেন, “ইনশাআল্লাহ, এটি অঞ্চলে আমেরিকানদের দুঃসাহসিকতার উপযুক্ত জবাব।”

বুধবার (১০ জুন) দিবাগত রাতে ইরানের একাধিক শহরে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে এই সতর্ক বার্তাটি এলো।

মার্কিন হামলার জবাবে ইরানের শীর্ষ সামরিক কমান্ড বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে। উল্লেখ্য, বিশ্ব বাজারের মোট পেট্রোলিয়ামের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।

পৃথক এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, এই কৌশলগত জলসীমার দিকে অগ্রসর হওয়া কোনো নৌযানকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

এছাড়া, পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত সব তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে তাদের নোঙর ছেড়ে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে