পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ১০:৫২ এএম
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাট বুড়িরঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের কিসমত দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ইজিবাইক চালিয়ে পরিবার-পরিজনের ভরণ পোষণ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন দুপুরে গাইবান্ধাগামী অরিন ট্রাভেলসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বুড়িরঘর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা যাত্রী শাপলা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থল পরিদর্শন কালে  জানান, এদিন সকাল সাড়ে ১১টায় অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মিয়া নিহত হয়। অপর একজন আহত হয়।  দুর্ঘটার পর সড়কের উভয়পার্শ্বে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে