রাজধানীর শেরেবাংলানগর জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আহতরা হলেন- শেরেবাংলানগর থানায় কর্মরত এসআই সামসুজ্জোহা (৩৪) ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। দুজনের শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে।
জিয়া উদ্যানের গ্লাস ব্রিজের সামনে বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনজন অজ্ঞাত ছিনতাইকারী একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা ছিনতাইকারীদের ধরে ফেলেন। এ সময় এক ছিনতাইকারী দুই পুলিশ সদস্যকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তবে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
পরে খবর পেয়ে শেরেবাংলানগর থানার অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।