নীলফামারীর সৈয়দপুরে রাতের অন্ধকারে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের উভয় পাশে লাগানো সরকারি গাছ চুরি হচ্ছে। চোরেরা দলবদ্ধ হয়ে ওই গাছ চুরি করে স্থানীয় কাঠমিলে তা বিক্রি করছে এমন অভিযোগ উঠেছে। সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নের সেলফির মোড় এলাকায় ক্যানেলের বেশ কয়েকটি মুল্যবান গাছ কেটে তা সৈয়দপুর বাসটার্মিনাল এলাকার একটি কাঠ মিলে বিক্রি করা হয়েছে। একের পর এক গাছ কেটে নিয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এসব গাছ হারিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি রাস্তার ধারে,খাস জমি ও সরকারি প্রতিষ্ঠানের সীমানায় থাকা আকাশমণি, মেহগনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ গভীর রাতে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা কাটা গাছের গোড়া ও ফেলে রাখা পাতা,ডালপালা দেখতে পেলেও চোরদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র সরকারি গাছ কেটে বিক্রি করছে। অনেক ক্ষেত্রে গাছ কাটার সময় কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয়। ফলে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। পরিবেশকর্মীরা বলেন,সরকারি গাছ শুধু রাষ্ট্রীয় সম্পদ নয়,পরিবেশ রক্ষারও গুরুত্বপূর্ণ উপাদান। এভাবে গাছ নিধন চলতে থাকলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরকারি সম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সরকারি গাছ এভাবে চুরি গেলেও কোন মাথা ব্যথা নেই নির্বাহী প্রকৌশলির। স্থানীয় থানায় করা হয়নি কোন অভিযান। স্থানীয়দের দাবি,রাতের বেলায় পুলিশি টহল জোরদার এবং গাছ চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হলে সরকারি সম্পদ রক্ষা করা সম্ভব হবে। সরকারি গাছ চুরির ব্যাপারে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের মেম্বার বলেন,বিষয়টি আমি শুনেছি তবে কে চুরি করলো তা জানি না। কাটা গাছের গোড়া দিনের বেলা তুলে নিয়ে যাচ্ছে স্থানীয়রা।