শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তার প্রসারে ময়মনসিংহে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম'। উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে শুক্রবার (১২ জুন) দুপুর ৩টায় ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী মূল পর্ব শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধান অতিথি ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিশেষ অতিথি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সভাপতি অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ও প্রজেক্ট পরিদর্শন করেন।
এ সময় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি, স্টার্টআপ আইডিয়া এবং রোবোটিক্স প্রজেক্ট অতিথিদের সামনে উপস্থাপন করেন। অতিথিবৃন্দ খুদে বিজ্ঞানীদের এই চমৎকার ও যুগোপযোগী উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর আমাদের আজকের এই শিক্ষার্থীরা। শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে, ব্যবহারিক ও বিজ্ঞানভিত্তিক চর্চার মাধ্যমেই নিজেদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের প্রজেক্ট প্রদর্শনী শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত মেধা ও চিন্তাশক্তিকে বিকশিত করতে দারুণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আমাদের সন্তানরা আজ যে সমস্ত উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট এখানে প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বিজ্ঞান ও গবেষণায় মনোনিবেশ করাতে এই ধরণের মেলা নিয়মিত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সমাপনী বক্তব্যে মেলার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।