লালপুর ইঞ্জিনচালিত ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৮:০৬ পিএম
লালপুর ইঞ্জিনচালিত ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মো. জাফর আলী (৭০) নামে এক বৃদ্ধ অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে লালপুরের দিকে যাচ্ছিলেন জাফর আলী। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে একই দিকে চলাচলরত গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভুটভুটি (নসিমন) পিছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা, ডান কান ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত জাফর আলী উপজেলার দক্ষিণ লালপুর এলাকার মৃত রহিম শেখের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর পুলিশ গরুবোঝাই ভুটভুটিটি জব্দ করে। ভুটভুটির চালক আনিসুর রহমান, উপজেলার ভাটপাড়া চামটিয়া গ্রামের এস্কেন মণ্ডলের ছেলে। তাকে ভুটভুটিসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে