আইনজীবী হওয়ার পথে এক ধাপ এগিয়েছেন জাইমা রহমান

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৩:৪৬ পিএম
আইনজীবী হওয়ার পথে এক ধাপ এগিয়েছেন জাইমা রহমান
ছবি, সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কন্যা ব্যারিস্টার আদিবা রুহুল।

বার কাউন্সিল সূত্র বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেছেন। এদিকে গতকাল মধ্য রাতে এক ফেসবুক পোস্টে জাইমা রহমান নিজে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করার বিষয়টি জানান।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯২০১ জন পরীক্ষার্থী।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। মূলত একজন শিক্ষার্থীকে আইনজীবী হিসেবে নিয়মিত প্র্যাকটিস বা ওকালতি করার অনুমতি পেতে হলে তিন ধাপের কঠোর পরীক্ষা পাড়ি দিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা পরবর্তীতে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। একবার লিখিত পরীক্ষায় পাস করলে প্রার্থীরা পরবর্তী তিনবার সরাসরি চূড়ান্ত মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এই পুরো পরীক্ষা প্রক্রিয়ার যাবতীয় সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে। প্রথম ধাপের এই ফল প্রকাশের পর এখন পরবর্তী লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। দুই কৃতী ব্যারিস্টার জাইমা ও আদিবা দেশের উচ্চ আদালত ও আইনি অঙ্গনে নিজেদের ক্যারিয়ার গঠনে এই সাফল্যের ধারা বজায় রাখবেন বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।

আপনার জেলার সংবাদ পড়তে