ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও উৎসবের নাম। প্রিয় দলকে সমর্থন জানাতে বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশেও শুরু হয়েছে উৎসবের আমেজ। সেই উচ্ছ্বাসের ব্যতিক্রমী প্রকাশ ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়কে। বিশ্বকাপকে ঘিরে সড়কের দুই পাশে শোভা পাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, ইরানসহ এবারের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের জাতীয় পতাকা। নিজ দেশের দুটি জাতীয় পতাকা এবং ফিফার দুটি পতাকাসহ মোট ৫২টি পতাকায় সজ্জিত পুরো সড়কটি যেন এক টুকরো আন্তর্জাতিক ফুটবল উৎসবে পরিণত হয়েছে।
রঙিন পতাকার সারি, মনোমুগ্ধকর পরিবেশ আর বিশ্বকাপের আবহ দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা শহর থেকে আসা দর্শনার্থীরা। সড়কের দুই পাশে উড়তে থাকা বিভিন্ন দেশের পতাকা যেন এক অনন্য সমপ্রীতি ও ক্রীড়াপ্রেমের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা ফুটবলপ্রেমী মো. মনিরুজ্জামান সোহাগ বলেন, ‘বিশ্বকাপ মানেই অন্যরকম আনন্দ। সেই আনন্দ সবাইকে ভাগ করে দিতেই এ আয়োজন করেছি। এখানে বাংলাদেশের দুটি জাতীয় পতাকা, ফিফার দুটি পতাকা এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টানানো হয়েছে। এছাড়া রাতে বড় পর্দায় খেলা উপভোগের জন্য টেলিভিশন ও প্রজেক্টরের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সবাই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন।’
স্থানীয় বাসিন্দা ওমর আলী বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের গ্রামে নতুন মাত্রা যোগ করেছে। তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে এবং এটি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’ জেলা শহর ময়মনসিংহ থেকে ঘুরতে আসা দর্শনার্থী এনামুল হক বলেন, ‘একসঙ্গে বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের পতাকা দিয়ে সাজানো এমন সড়ক আমি আগে দেখিনি। পরিবেশটি সত্যিই দারুণ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এই সৌন্দর্য দেখতে আসছেন।’
গ্রামীণ জনপদে এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধু বিশ্বকাপের উন্মাদনাই নয়, বরং ফুটবলপ্রেম, সমপ্রীতি ও সামাজিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। পতাকার রঙে রঙিন এই সড়ক এখন ত্রিশালের ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ, যেখানে খেলার প্রতি ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে উৎসবের এক অনিন্দ্য সুন্দর আবহ।