সাতক্ষীরায় মাদক ও অনলাইন জুয়া নির্মূল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎপরতা বন্ধ এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শহরের যানজট নিরসন, বাস টার্মিনাল স্থানান্তর ও সুন্দরবনে জলদস্যু দমনে অভিযান জোরদার করার বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিজ কাউসার আজিজ। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি বজায় রাখা, সরকারি খাস জমি উদ্ধার এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা। এ ছাড়া জেলা শহরের তীব্র যানজট নিরসনে নির্দিষ্ট বাস স্টপেজ বা থামার স্থান চিহ্নিতকরণ ও বর্তমান বাস টার্মিনালটি দ্রুত স্থানান্তরের তাগিদ দেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান এবং জেলার সিভিল সার্জন আব্দুস সালাম। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান এবং জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল। এ ছাড়া সংবাদমাধ্যম প্রতিনিধিদের পক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম সভায় বক্তব্য রাখেন। বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।