হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা ফেরত পেলেন মালিকেরা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৩:১৪ পিএম
হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা ফেরত পেলেন মালিকেরা

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফোন ও টাকা তুলে দেওয়া হয়। পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া তিন ভুক্তভোগীর ৩৮ হাজার টাকা উদ্ধার করে তা ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত খোয়া যাওয়া ১ হাজার ৭০৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের প্রায় অর্ধকোটি টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মোবাইল ও টাকা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনূর রহমান ও মিথুন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে