ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান, ৫ মাদকসেবী গ্রেফতার

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৪:৫০ পিএম
ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান, ৫ মাদকসেবী গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৫ জুন) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গত রোববার দিবাগত গভীর রাতে আলমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আলমপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে মিরাজ উদ্দিন (৭০), একই গ্রামের মৃত রমজানের ছেলে ফরিদ উদ্দিন (৫০), মৃত রমণীকান্তের ছেলে শ্রী নির্মল (৪৫), পাঠানপাড়া গ্রামের বাচ্চুর ছেলে বিজয় (৩২) এবং আমানিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০)। পরে আটককৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। রায়ে মিরাজ ও ফরিদকে ৫ মাস করে, শ্রী নির্মলকে ২ মাস এবং বিজয় ও আবু বক্করকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, মাদকমুক্ত ক্ষেতলাল গড়ে তুলতে পুলিশের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক সেবন, ক্রয়-বিক্রয় কিংবা এর সাথে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে