কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়ন ভূমি অফিস সহ বেশ কয়েকটি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এসব ইউনিয়নে ইউনিয়ন সহকারী পদ শূন্য থাকার কারণে সাধারণ জনগণ ভূমি খারিজ থেকে বঞ্চিত হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা গেছে, চলতি বছরের ২৫ জানুয়ারির পর থেকে আজ বুধবার পর্যন্ত নিকলীর সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সপ্তাহে একদিন অফিস করেন। এর ফলে জারইতলা ইউনিয়নের হাজার হাজার গ্রাহক জমি খারিজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। খারিজ না হলে তারা সাব রেজিস্ট্রি অফিসে জমি বিক্রি করতে পারছেন না। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, সদরের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নিজের অফিস নিয়ে ব্যস্ততা দেখান। কোন সময় এই ইউনিয়নের খারিজ করবেন সেটা নিয়ে তাদের মধ্যে ধুম্র জালের সৃষ্টি হয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদ উল্লাহ এ প্রতিবেদককে বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদটি একমাত্র জেলা প্রশাসক ছাড়া পদটি পূরণ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি সাংবাদিকদের বলেন, এ বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করেন।