কিশোরীদের আত্মনির্ভরশীলতার গল্পে ব্র্যাকের নতুন অধ্যায় ‘স্বপ্নসারথি’

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৭:৩৭ পিএম
কিশোরীদের আত্মনির্ভরশীলতার গল্পে ব্র্যাকের নতুন অধ্যায় ‘স্বপ্নসারথি’

গ্রামীণ কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক। কিশোরগঞ্জের বাজিতপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা ‘সেলপ’ (ঝঊখচ) কর্মসূচির যৌথ উদ্যোগে ‘স্বপ্নসারথি’ কিশোরীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হাঁস ও মুরগির বাচ্চা এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্র্যাক বিশ্বাস করে, একটি মেয়ে স্বাবলম্বী হওয়া মানে একটি পুরো পরিবার ও সমাজের এগিয়ে যাওয়া। কিশোরীরা যেন একদম ছোট থেকেই নিজের পায়ে দাঁড়ানোর সাহস পায় এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যেই এই টেকসই উদ্যোগ।

উদ্যোগের মূল লক্ষ্য ও বিশেষত্ব:

উদ্যোক্তা তৈরি: কিশোরীদের মাঝে অল্প বয়স থেকেই স্বাবলম্বী হওয়ার মানসিকতা এবং আত্মবিশ্বাস তৈরি করা।

সরাসরি নগদ সহায়তা: হাঁস ও মুরগির বাচ্চা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে সেগুলোর নিরাপদ বাসস্থান (ঘর) তৈরি ও প্রাথমিক খাবারের খরচ জোগাতে কিশোরীদের হাতে সরাসরি নগদ টাকা তুলে দেওয়া হয়েছে।

টেকসই অর্থনৈতিক উন্নয়ন: এই হাঁস-মুরগি পালনের মাধ্যমে কিশোরীরা যেমন নিজেদের আয়ের পথ তৈরি করবে, তেমনি প্রত্যক্ষ অবদান রাখবে তাদের পরিবারের অর্থনীতিতেও।

বিতরণ কার্যক্রম: অনুষ্ঠানে ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের মোট ৮ জন সদস্যের মাঝে উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং ৬ জন সদস্যের মাঝে মুরগির বাচ্চা ও ঘর তৈরির নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কিশোরীদের উৎসাহিত করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দিঘীরপুর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান ও শাখা হিসাব কর্মকর্তা মো: ফরিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলপ (ঝঊখচ) কর্মসূচির অফিসার মোঃ জুয়েল মিয়া। পুরো কার্যক্রমটি মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার কোহিনূর আক্তার। হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ হাতে পেয়ে কিশোরীদের মুখে ফুটে ওঠে এক চওড়া ও তৃপ্তির হাসি। কিশোরীদের এই হাসিমুখ আর স্বাবলম্বী হওয়ার স্বপ্নই ব্র্যাকের আগামী দিনের কাজের মূল অনুপ্রেরণা।

আপনার জেলার সংবাদ পড়তে