রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৫:১৯ পিএম
রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ৩ শিক্ষার্থী গ্রেপ্তার
রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে এই খুনের ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার তিনজন হলেন- রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে