বাগেরহাটের মোল্লাহাটে আল্লামা মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ও অঙ্গ সংগঠন। সম্প্রতি সংসদে বিএনপির এক এমপির বক্তব্যে কটুক্তি করার প্রতিবাদে শুক্রবার (১৯ জুন ২০২৬) মোল্লাহাট মডেল মসজিদের পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির উপজেলা আমীর মাওলানা হাফিজুর রহমান বলেন, আল্লামা মামুনুল হক একজন বিশিষ্ট ইসলামী বক্তা ও আলেম। তাকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননাকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আয়োজকরা জানান, বিষয়টি নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।