চোখের রোগ নিরাময়ে

কালিয়ায় চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ চালু

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৭:৩৫ পিএম
কালিয়ায় চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ চালু

চোখের চিকিৎসার জন্য আর ছুটতে হবে না শহরে। এখন থেকে নিজ এলাকাতেই মিলবে বিশ্বমানের চিকিৎসা সেবা। চক্ষু চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনার শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে নড়াইলের কালিয়ায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘পেড়লী ভিশন সেন্টার’। এখন থেকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ চোখের আধুনিক সব সেবা দোরগোড়াতেই পাবেন। সুলভ মূল্যে আধুনিক চক্ষু সেবা প্রদান করা হবে এই কেন্দ্রে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কালিয়ার পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পেড়লী ভিশন সেন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো: রফিকুল হক বাবলু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি ও নড়াইলের সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. আরিফুল ইসলাম।  এ সময় অন্যের মধ্যে অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, কালিয়া উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল মোল্লা ও পেড়লী পুলিশ ফাঁড়ির ইনচারজ মো: মোমরেজ আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি খুলনা বিএনএসবির চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডা. মো: রফিকুল হক বাবলু তার বক্তব্যে বলেন, এই ভিশন কেন্দ্রে আধুনিক প্রযুক্তির ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিস রোগীদের চোখের রেটিনাল রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা, রিয়েল টাইম টেলি-কনসালটেশন সুবিধার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদানসহ সব ধরণের রোগের চিকিৎসার ব্যবস্থাসহ চোখের যাবতীয় অস্ত্রোপচারের সুব্যবস্থাও রয়েছে।

অরবিস ইন্টারন্যাশনাল এর অ্যাসোসিয়েট ডিরেক্টর বিশেষ অতিথি ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, পেড়লী ভিশন সেন্টারে বিনামূল্যে বা নামমাত্র খরচে ছানি অপারেশন, চোখের নালি ও মাংস বৃদ্ধিসহ চোখের পাওয়ার পরীক্ষা করে সঠিক ব্যবস্থাপত্র অনুযায়ী চশমা তৈরির সুব্যবস্থা রয়েছে। এছাড়া, এই কেন্দ্রে সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে, যা এই কেন্দ্রের সেবাকে আরও গতিশীল করবে। তিনি আরো জানান, চক্ষু চিকিৎসাসেবা এখন পেড়লীবাসীসহ পার্শ্ববর্তী মানুষের হাতের মুঠোয়। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে  খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি আশা প্রকাশ করে বলেন, 'এই ভিশন সেন্টারটি স্থানীয় বাসিন্দাদের চোখের চিকিৎসার বড় ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাই, "পেড়লী ভিশন সেন্টারটি" এলাকার মানুষের চোখের স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক বলে তিনি জানান।

ব্যারিষ্টার হাফিজ হাসপাতালের তত্বাবধায়ক স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মো. কামাল হোসেন (কিবরিয়া)-এর সার্বিক পরিচালনায় পেড়লী ভিশন সেন্টারের সেবা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। তিনি জানান,  প্রায় ১৬ বছর ধরে লন্ডন প্রবাসী মরহুম ব্যারিস্টার গোলাম হাফিজের পৃষ্ঠপোষকতায় ফ্রেড হলোজ ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রতিবছর ব্যারিস্টার হাফিজ হাসপাতালের চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে শুক্রবার থেকে এখানে পেড়লী ভিশন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সাজানো এই সেন্টারে চোখ পরীক্ষা থেকে শুরু করে চশমা তৈরির সুবিধা-সবই এখন এক ছাদের নিচে পাওয়া যাবে। প্রতি শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসকরা। তাই, চোখের যেকোনো সমস্যায় সরাসরি ০৭১৫-১৫০৮৮৮ নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।