দিঘলিয়ায় নদী ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০১:০৩ পিএম
দিঘলিয়ায় নদী ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র

খুলনার দিঘলিয়ায় আতাই নদী ও মজুদখালী নদীর ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নদীর তীরবর্তী এলাকায় অব্যাহত ভাঙনে বদলে যাচ্ছে এলাকার চিত্র ও মানচিত্র। বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে প্রতিনিয়ত বিলীন হচ্ছে আবার কেউবা বিলীন হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী, আবালগাতী, সোনাকুড়, ডেমরাসহ আতাই নদী পাড়ের গ্রামগুলোতে কয়েক বছর ধরে ভাঙ্গনের কবলে পড়েছে। বছর খানেক আগে খুলনা পানি উন্নয়ন বোর্ডের আওতায় আবালগাতী ফেরিঘাটের পাশে এবং ফেরিঘাটের উত্তরে জিও ব্যাগ ফেলা ও বালি ভরাটের কাজ তৎকালীন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর প্রচেষ্টায় এবং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের আহবানে বাস্তবায়িত হয়েছিল। কিন্তু এলাকার ভাঙ্গন রোধে সেটা ছিল অপ্রতুল। অন্য দিকে মজুদখালী নদী ভাঙ্গনে বোয়ালিয়ারচর, লক্ষ্ণীকাঠি, নন্দনপ্রতাপসহ নদীকূলের অনেক এলাকা নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে। রাস্তা, ঘরবাড়ি, পানের বরজ, ফসলী জমিসহ গাছ-পালা ভেঙ্গে নদীতে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন চললেও থোক বরাদ্দে কিছু কাজ করা হলেও স্থায়ী প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন তারা।নদীপাড়ের বাসিন্দারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

আপনার জেলার সংবাদ পড়তে