সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জহির হোসেন (৪০) নামের আরও এক জেলে আহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মালঞ্চ নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে। আহত জহির হোসেন একই গ্রামের হাসান গাজীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে নূর হোসেনসহ কয়েকজন জেলে বাড়ির পাশে মালঞ্চ নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল পেতে তারা নৌকায় বসে অপেক্ষা করছিলেন। দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে নৌকার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই নূর হোসেনের মৃত্যু হয়। এ সময় প্রায় ১০০ হাত দূরে থাকা অন্য একটি নৌকার জেলে জহির হোসেন বজ্রপাতের তীব্রতায় সংজ্ঞাহীন হয়ে পড়েন।
পরে নদীতে থাকা অন্য জেলেরা তাদের উদ্ধার করে হরিনগর বাজারের স্থানীয় চিকিৎসক শিবপদ মণ্ডলের কাছে নিয়ে যান। তবে চিকিৎসক শিবপদ মণ্ডল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নূর হোসেনের মৃত্যু হয়েছে। আহত জহির হোসেন বর্তমানে আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন বলে তিনি জানান। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।