রাজিবপুরে সড়কের কাজে অনিয়মের অভিযোগ

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) :
| আপডেট: ২২ জুন, ২০২৬, ০৬:০৩ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:০৩ পিএম
রাজিবপুরে সড়কের কাজে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।  রাজিবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফের বাড়ি থেকে সলিম উদ্দিনের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে ৩ নম্বর মানের ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া সলিংয়ের নিচে নিয়ম অনুযায়ী বালু ও মাটির বেড না দিয়েই কাজ পরিচালনা করা হচ্ছে।  এতে রাস্তার স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী রাশেদুল, আব্দুল কাদের জানান, প্রায় ১০ লাখ টাকার এ প্রকল্পে নিম্নমানের কাজ হলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষও দীর্ঘমেয়াদে ভোগান্তির শিকার হবেন।

স্থানীয়দের আরও অভিযোগ, কাজটি কুড়িগ্রাম-৪ আসনের এমপির ব্যক্তিগত সহকারী সানাউল্লাহ সরকারের আত্মীয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ফলে কাজের মান নিয়ন্ত্রণে গাফিলতির সুযোগ সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে রাজিবপুর উপজেলা যুব বিভাগ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। তারা কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন জানান,মানুষের চলাচলের সুবিধার জন্য টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু শুরু থেকেই নিম্নমানের ইট ব্যবহার ও নিয়ম না মেনে কাজ করায় আমরা উদ্বিগ্ন। এভাবে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে পিএস সানাউল্লাহ জানান, বিএনপির কয়েকজন ছেলের অভিযোগ এটি। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা জানান, যে সমস্যা সৃষ্টি হয়েছিল, ঠিকাদারকে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে