নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে চরম সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দিনভর বিশাল মোটর সাইকেল মহড়া ও সতর্কতা মূলক মিছিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিশাল মোটর সাইকেল মহড়াটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন বলেন,নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যেন দেশের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা গোপন তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে আমরা রাজপথে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।তিনি আরও বলেন, কালীগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছি। তবে কোনো ধরনের উসকানি বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে তা রাজপথেই শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশের মানুষ এখন শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে। জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।