"ভিটামিন 'এ' খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলী হোসেন শাহ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) নুর আজমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. লায়লা আরজু মান্দ বানু, ডা. নির্ঝর কুমার মন্ডল, এসআই ইজার আলী, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হামিদুল ইসলাম, ইমাম নুর আলম, এনজিও প্রতিনিধি শাহনাওয়াজ এবং প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় ক্ষেতলালে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। চলতি বছরের এই ক্যাম্পেইনে উপজেলায় প্রায় ১৭ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।