কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন এবং ১টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (এগারো হাজার আটশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন প্রাগপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার চুলকানি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য। (চৌত্রিশ লক্ষ) টাকা।
এছাড়া, ২৪ জুন বুধবার প্রাগপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য (বিশ হাজার) টাকা। উল্লেখ্য, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (চৌত্রিশ লক্ষ একত্রিশ হাজার আটশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান, গোয়েন্দা তৎপরতা ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে