জেলা প্রশাসকের মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৭:৫২ পিএম
জেলা প্রশাসকের মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগ তুলে  জেলা প্রশাসকের (ডিসি) বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটায় শহরের নিউমার্কেট মোড়ে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, জেলা প্রশাসকের দেওয়া বক্তব্য স্থানীয় জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, সাতক্ষীরার মানুষ দীর্ঘকাল ধরে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও ঐতিহ্যগত মূল্যবোধ বজায় রেখে বসবাস করছেন। একটি দায়িত্বশীল পদে থেকে জেলাবাসীর প্রতি এমন মন্তব্য অনভিপ্রেত ও অসম্মানজনক। এ সময় অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার এবং ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অবমাননাকর মন্তব্য কাম্য নয়। ভবিষ্যতে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। সম্প্রতি জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে জেলা ওলামা মাশায়েখ পরিষদ।

আপনার জেলার সংবাদ পড়তে