দিনাজপুরের কাহারোল উপজেলার সরকারি খাদ্য গুদামে খালি বস্তা না থাকার কারণে ধান ক্রয় বন্ধ রয়েছে। কৃষকেরা সরকারি খাদ্য গুদামে ধান দিতে পারছে না। খাদ্য গুদাম থেকে কৃষকদের বলা হচ্ছে বস্তা নেই, তাই কৃষকদের নিকট হতে ধান ক্রয় করতে পারছে না খাদ্য বিভাগ। সরকারি খালি বস্তা খাদ্য গুদামে নেই বলে জানিয়েছেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল নবী। কাহারোল খাদ্য অফিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৬৪ মে.টন ধান কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হয়েছে। খালি বস্তা না থাকার কারণে ১৩২ মে.টন ধান সংগ্রহ বন্ধ রয়েছে। কৃষকেরা প্রতিদিন খোঁজ নিতে আসছেন কবে বস্তা পাব? গত মঙ্গলবার দুপুর ২টায় খাদ্য গুদামের কাছে কয়েকজন কৃষক ভীড় জমাতে দেখা গেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে, তারা বলেন, বস্তার কথা জানতে এসেছিলাম কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুন নবী বলেন, কবে বস্তা আসবে তা বলা সম্ভব না।
কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা জানান, ধান সংগ্রহ একেবারে বন্ধ রাখা হয়নি। খালি বস্তা না থাকার কারণে ধান কেনা হচ্ছে না। তিনি আরও বলেন, খালি বস্তার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। বস্তা আসলে কৃষকদের নিকট হতে ধান ক্রয় করা হবে।