দৌলতপুর সীমান্তে মদ, ট্যাবলেট, মাদক উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:৩৬ পিএম
দৌলতপুর সীমান্তে মদ, ট্যাবলেট, মাদক উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সফল দুটি পৃথক অভিযান পরিচালনা করেছে। বিজিবির পেশাদারিত্ব, কার্যকর গোয়েন্দা তৎপরতা এবং কঠোর সীমান্ত নজরদারির ফলে বিপুল পরিমাণ ভারতীয় মদ, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ জুন শুক্রবার  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি-এর একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চাইডোবা মাঠ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ এবং ২৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য(এক লক্ষ তেত্রিশ হাজার তিনশত) টাকা।

পরবর্তীতে একই দিন পশ্চিম ধর্মদাহ বিওপি-এর একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ, ০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১,৬৪৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (নয় লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত) টাকা।

দুটি অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য (এগারো লক্ষ দশ হাজার আটশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং দিন-রাত নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে