শেষ মুহূর্তের অফসাইডে ভাঙল ইরানের স্বপ্ন, প্রথমবার নকআউটে মিসর

এফএনএস স্পর্টস:
| আপডেট: ২৭ জুন, ২০২৬, ০২:০১ পিএম | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০২:০১ পিএম
শেষ মুহূর্তের অফসাইডে ভাঙল ইরানের স্বপ্ন, প্রথমবার নকআউটে মিসর

বিশ্বকাপের শেষ মুহূর্ত পর্যন্ত লড়েও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারেনি ইরান। ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোল করে উল্লাসে মেতে উঠেছিল দলটি। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ১,১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ। এই ফলেই ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মিসর। অন্যদিকে তিনটি ম্যাচই ড্র করে ৩ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে সুযোগের অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে।

শনিবার (২৭ জুন) সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’র শেষ ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় মিসর। মোহাম্মদ সালাহর বাঁ পায়ের শট ইরানের গোলরক্ষক ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফিরতি বলে মোস্তফা সাবেরের শট ডিফেন্ডারদের ভিড় পেরিয়ে জালে জড়িয়ে যায়। এটি বিশ্বকাপে মিসরের ইতিহাসে দ্রুততম গোল।

শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফেরার সুযোগ পায় ইরান। পেনাল্টিও আদায় করে নেয় তারা। তবে মেহেদী তারেমির নেওয়া স্পট কিক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। যদিও সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫তম মিনিটে রামিন রেজাইয়ান রিবাউন্ড থেকে গোল করে সমতা ফেরান। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইরান। আক্রমণের পর আক্রমণে চাপে রাখে মিসরের রক্ষণভাগকে। ম্যাচের অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে তৈরি হওয়া সুযোগে খালিলজাদে বল জালে পাঠালে ইরান শিবিরে শুরু হয় উল্লাস। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পর্যালোচনায় দেখা যায়, গোল করার মুহূর্তে তিনি সামান্য অফসাইডে ছিলেন। ফলে গোল বাতিল হলে মুহূর্তেই উৎসব পরিণত হয় হতাশায়।

এই ড্রয়ে মিসর গ্রুপ পর্ব শেষ করেছে অপরাজিত থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি জয় এবং বেলজিয়াম ও ইরানের বিপক্ষে দুটি ড্র নিয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করে তারা নকআউট নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানও তিনটি ম্যাচেই অপরাজিত থাকলেও প্রতিটি ম্যাচ ড্র করায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩। ফলে শেষ ৩২-এ ওঠার আশা এখন অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে।

গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। আর সেই ফলেই গ্রুপ রানার্সআপ হিসেবে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর।

আপনার জেলার সংবাদ পড়তে