নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম, জোড়া গোলে নায়ক ত্রোসার্ড

এফএনএস স্পর্টস: | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০২:১৩ পিএম
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম, জোড়া গোলে নায়ক ত্রোসার্ড

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক জয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। শুক্রবার (২৭ জুন) ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের দলটি। জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। আর এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে নিউজিল্যান্ডের।

আসরের প্রথম দুই ম্যাচে মিসর ও ইরানের বিপক্ষে ড্র করায় চাপে ছিল বেলজিয়াম। শেষ ম্যাচে তাই জয়ের বিকল্প ছিল না। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রুডি গার্সিয়ার দল। কয়েকটি সুযোগ নষ্ট করার পর ২৮তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল পেয়ে গোল করেন ত্রোসার্ড। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে ইউরোপের দলটি। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার্ড। কেভিন ডি ব্রুইনা ও হান্স ফানাকেনের দারুণ সমন্বয়ে তৈরি হওয়া আক্রমণ থেকে প্রথম শটটি আটকে দিলেও ফিরতি বলে আর ভুল করেননি আর্সেনাল তারকা।

এরপর ম্যাচ পুরোপুরি বেলজিয়ামের নিয়ন্ত্রণে চলে যায়। ৬৬তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে স্কোরলাইন ৩-০ করেন কেভিন ডি ব্রুইনা। ৮৪তম মিনিটে এলিজা জাস্ট নিউজিল্যান্ডের হয়ে একটি গোল শোধ দিলেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পর কর্নার থেকে হেডে গোল করেন রোমেলু লুকাকু। যোগ করা সময়ে আলেক্সিস সেলেমেকার্স পঞ্চম গোল করে বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচের শুরুতেই অবশ্য নাটকীয় এক মুহূর্ত তৈরি হয়েছিল। ২০তম মিনিটে হ্যান্ডবলের অভিযোগে বেলজিয়াম পেনাল্টি পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরামর্শে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত বদলে দেন রেফারি। তবে সেটি বেলজিয়ামের জয়ের পথে কোনো প্রভাব ফেলতে পারেনি।

এই জয়ে তিন ম্যাচ শেষে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে তৃতীয় হওয়া সেরা দলগুলোর একটি। অন্যদিকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডকে।

বিশ্বকাপে এটি ছিল ত্রোসার্ডের অন্যতম সেরা পারফরম্যান্স। জোড়া গোল করে তিনি দলের আক্রমণভাগকে নেতৃত্ব দেন। তার সঙ্গে ডি ব্রুইনা, লুকাকু ও সেলেমেকার্সের গোল বেলজিয়ামের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে। নকআউট পর্বের আগে এই জয় দলটির জন্য বড় স্বস্তির বার্তা হয়ে এল।

আপনার জেলার সংবাদ পড়তে