মেসির ইতিহাস গড়া গোলে আর্জেন্টিনার জয়, সমর্থকদের উল্লাস

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৮ জুন, ২০২৬, ০২:০৭ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০২:০৭ পিএম
মেসির ইতিহাস গড়া গোলে আর্জেন্টিনার জয়, সমর্থকদের উল্লাস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় এবং মেসির ইতিহাস গড়া গোলের পর চাঁদপুরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকেরা। রোববার (২৮ জুন) সকালে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ উপভোগ করেন হাজারো সমর্থক। এ আয়োজন করে মোশারফ ফাউন্ডেশন। ম্যাচ দেখার জন্য  মাঠে জড়ো হওয়া হাজারো সমর্থক আকাশি-সাদা পতাকা উড়িয়ে, স্লোগানে স্লোগানে এবং উল্লাসে প্রিয় দলের জয় উদযাপন করেন। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় উৎসবের মঞ্চে।

খেলা শুরুর অনেক আগ থেকেই মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা। প্রিয় দলের জার্সি পরে এবং নীল-সাদা পতাকা হাতে নিয়ে তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। খেলার প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও রোমাঞ্চকর মুহূর্তে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ম্যাচে লিওনেল মেসির ইতিহাস গড়া গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জর্ডানকে পরাজিত করলে আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। "মেসি, মেসি" স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। খেলা শেষে বিজয়ের হাসি নিয়ে ঘরে ফেরেন সমর্থকরা। খেলা দেখতে আসা সমর্থক মোঃ সবুজ গাজী বলেন, "মেসির খেলা সরাসরি বড় পর্দায় হাজারো সমর্থকের সঙ্গে উপভোগ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আজকের জয় আমাদের জন্য বিশেষ আনন্দের।"

আরেক সমর্থক সাদিয়া ইসলাম বলেন, "চাঁদপুরে এমন সুন্দর পরিবেশে খেলা দেখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ। বিশেষ করে তারা নারীদের জন্য খেলা দেখার সুন্দর ব্যবস্থা করেছে। মেসির গোলের মুহূর্তটি সারাজীবন মনে থাকবে।" মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, "ফুটবলপ্রেমীদের একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতেই আমাদের এই আয়োজন। খেলাধুলা মানুষকে সম্প্রীতি ও আনন্দের বন্ধনে আবদ্ধ করে। পাশাপাশি মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "খেলার মাঝপথে একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ায় আমরা সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রেখে সবাইকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দিই। আমাদের মাইক্রোফোনটি জানাযার নামাজ পরিচালনা করার জন্য দিয়ে আমি নিজেও জানাজায় অংশগ্রহণ করেছি। খেলাধুলার আনন্দের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতিও আমরা সমানভাবে শ্রদ্ধাশীল।" সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন চাঁদপুরের ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হাজারো দর্শকের উপস্থিতি এবং আর্জেন্টিনার দারুণ জয়ে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবে। আর্জেন্টিনার দুর্দান্ত জয় এবং লিওনেল মেসির গোল মানেই বিশ্বজুড়ে সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাস  ও উৎসবের আমেজ। বিশেষ করে ফুটবলের জাদুকর মেসির জাদুকরী পারফরম্যান্স ও গোল করার রেকর্ড দেখার পর লাখ লাখ ভক্ত এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশে মেতে ওঠেন।

আপনার জেলার সংবাদ পড়তে