৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে চাঁদপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও মাঠ পর্যায় পর্যবেক্ষণ করতে আসা প্রশিক্ষণার্থীদের নিয়ে এক বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ অক্টোবর, ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরের সঞ্চালনায় এতে জেলা পুলিশের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, প্রশাসনিক চেইন অব কমান্ড এবং শান্তিশৃঙ্খলা রক্ষার কৌশল তুলে ধরা হয়।
কর্মশালায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, "একটি দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। জেলা পুলিশের প্রতিটি স্তরের কার্যক্রম সরাসরি দেখার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদের পেশাগত জীবনে বিশেষ ভূমিকা রাখবে।"
উল্লেখ্য, বিসিএস কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে নবীন প্রশিণার্থীরা মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি দেখতে চাঁদপুর জেলা পুলিশে এ বাস্তবমুখী প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।