নাসিরনগরে ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৩:৪৯ পিএম
নাসিরনগরে ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক-ছাতিয়াইন-রতনপুর সড়কে  আতোকুড়া  ব্রিজের মাঝখানে ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন। যে কোনো সময় ব্রিজের একটি অংশ ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সরেজমিন ঘুরে দেখা যায়,ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের উত্তরে এলজিইডি বিভাগের অত্যন্ত ব্যস্ততম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-ফান্দাউক-ছাতিয়াইন-রতনপুর  সড়কে আতোকুড়া বাজার সংলগ্ন নির্মিত পাকা ব্রিজটির মাঝ বরাবর গোলাকার একটি গর্ত সৃষ্টি হয়েছে। সিমেন্টের ঢালাই আলাদা হয়ে রড দেবে গর্তটি দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী জানায়,নাসিরনগর উপজেলার ফান্দাউকসহ কয়েকটি ইউনিয়নের  মানুষের যাতায়াতের একমাত্র ভরসা রতনপুর-ছাতিয়াইন-ফান্দাউক সড়ক।

ঝুঁকিপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন ট্রাক্টর, ভ্যান, জিপ, কারসহ অসংখ্য রিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা মালামালসহ সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে। এতে যেকোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে। ফলে ব্রিজটি মেরামত কিংবা নতুন ব্রিজ নির্মাণ না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। ফান্দাউক  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ  ফারুকুজ্জামান জানান,ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও   যানবাহন এর ওপর দিয়ে চলাচল করছে। এতে যেকোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে। ব্রিজ নির্মাণ বা মেরামত বিষয়ে তিনি বলেন, এখানে ব্রিজ নির্মাণের মতো এতো বড় ফান্ড ইউনিয়ন পরিষদের  নেই। তবে ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। নবাগত উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল মমিন  জানান, বিষয়টি তার  নজরে নেই।  তবে খোজ নিয়ে এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে