সৈয়দপুরে ফলের আড়তে ডাস্টবিন থাকলেও ময়লা ফেলা হচ্ছে সড়কে

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৩:৪৮ পিএম
সৈয়দপুরে ফলের আড়তে ডাস্টবিন থাকলেও ময়লা ফেলা হচ্ছে সড়কে

সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হলেও একশ্রেণির অসচেতন মানুষ ও ফল ব্যবসায়ীর কারণে তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। হাতিখানা রোডে ফলের বড় আড়ৎ। সেখানে পৌরসভা একটি বড় ডাস্টবিন তৈরি করে দিয়েছে। কিন্তু ফল ব্যবসায়িরা তাদের দোকানে জমে থাকা পচা ও নষ্ট ফল ডাস্টবিনে না ফেলে সরাসরি সড়কের ওপর ফেলে রাখার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহনের চালক এবং আশপাশের ব্যবসায়ীদের। শহরের বিভিন্ন ফলের আড়ত ও খুচরা বাজার সংলগ্ন এলাকায় প্রতিদিন ভোর ও সন্ধ্যায় পচা ফলের স্তূপ দেখা যায়। এসব বর্জ্য দীর্ঘ সময় সড়কে পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পাশাপাশি মাছি-মশার উপদ্রব বেড়ে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পথচারী আলম হোসেন জানান, ডাস্টবিন কয়েক গজ দূরে থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সময় ও শ্রম বাঁচাতে সড়কেই পচা ফল ফেলে দেন। এতে রাস্তা নোংরা হওয়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে গরমের সময়ে দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে ওই সড়ক দিয়ে চলাচল করাই কষ্টকর হয়ে পড়ে।

কিছু ফল ব্যবসায়ি বলেন, কয়েকজনের দায়িত্বহীন আচরণের কারণে পুরো বাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। নিয়মিত তদারকি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী সরকার বলেন,পরিচ্ছন্ন শহর গড়তে শুধু ডাস্টবিন বসালেই হবে না, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে সড়কে বর্জ্য ফেলছেন, তাদের বিরুদ্ধে পৌরসভার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আরোপের দাবি জানান তিনি।

এ বিষয়ে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিয়ম অমান্যকারী ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বাস দেন। পরিবেশ নিয়ে কথা বলা তোফাজ্জল হোসেন বলেন, জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এ ধরনের অপরিচ্ছন্নতা রোধ করে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সৈয়দপুর গড়ে তোলা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে