চাঁদপুর মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। সোমবার (৬ জুলাই) ভোরে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের সাদ্দাম ব্রিজের পাশে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়র। পরে তারা ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই এর একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল। তবে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র তার কাছে পাওয়া যায়নি। মুন্সীরহাট বাজারের বাসিন্দা শরীফ হোসেন জানান, “গত রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলাম। তখন লোকটিকে ব্রিজে বসে থাকতে দেখি। জিজ্ঞেস করলে বলেন তিনি লেবারের কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছু বলেননি।”
চাঁদপুর পিবিআই এর ইন্সপেক্টর তরুণ কান্তি দে বলেন, “নিহতের পরিচয় শনাক্তে দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।” লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।