পার্কিং চার্জ অর্ধেকের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০২:৫৪ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০২:২৯ পিএম
পার্কিং চার্জ অর্ধেকের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও
বার্ষিক পার্কিং চার্জ অর্ধেকে নামিয়ে আনার দাবিতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সদস্যরা।  ৬ জুলাই সহস্রাধিক অটোচালক শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পৌরসভা চত্বরে সমবেত হন। পরে তারা পৌর প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি, যানবাহন রক্ষণাবেক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে তাদের আয় আগের তুলনায় অনেক কমে গেছে। এমন অবস্থায় বার্ষিক পার্কিং চার্জের বর্তমান হার বহন করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই চার্জ অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে বক্তব্য বলেন,সংগঠনের সভাপতি হামিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, শ্রমিক নেতা শফিকুল ইসলাম,  আরজু,রাজ্জাক,রুহুল,সনুসহ অনেকে। তারা বলেন,নীলফামারী জেলার অন্যান্য পৌরসভায় পার্কিং চার্জ ১ হাজার টাকা। আর সৈয়দপুর পৌরসভায় নেয়া হয় ২ হাজার টাকা। আমরা পার্কিং চার্জ ১ হাজার করার দাবী জানাচ্ছি। তাছাড়া আমাদের দাবি যৌক্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট। দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান প্রত্যাশা করেন। এদিকে পৌরসভা ঘেরাওয়ের কারণে কিছু সময়ের জন্য পৌর কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। গোটা শহর পরিণত হয় অটোর শহরে।  পৌর প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শ্রমিকদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিধি-বিধান ও আর্থিক দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা আশ্বাস দেন।
আপনার জেলার সংবাদ পড়তে