দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো রংপুরেও অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। সোমবার (৬ জুলাই) দুপুরে রংপুর নগরীর প্রধান ডাকঘরের সামনে প্রায় দুই শতাধিক কর্মচারী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের দুই দফা দাবি হলো, (১) বেতন-ভাতা বৃদ্ধি এবং (২) শাখা ডাকঘর কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।
আন্দোলনকারীদের দাবি, রংপুর বিভাগে ১০১টি শাখা ডাকঘর এবং সারাদেশে প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে প্রায় ২৩ হাজার ২১ জন পোস্টমাস্টার, পোস্টম্যান ও রানার কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা মাসিক মাত্র ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা সম্মানীভিত্তিক বেতনে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার নিয়ে জীবনধারণের জন্য সম্পূর্ণ অপ্রতুল। আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার বুলবুল বলেন, "দীর্ঘদিন ধরে অত্যন্ত অমানবিক ও বৈষম্যমূলক বেতনে আমরা দায়িত্ব পালন করে আসছি। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।" পোস্টম্যান রবিউল ইসলাম বলেন, "আমরা মাসে মাত্র চার থেকে সাড়ে চার হাজার টাকা পাই। প্রতিদিনের হিসাবে এটি প্রায় দেড়শ টাকার মতো। চার-পাঁচ সদস্যের একটি পরিবারের ভরণপোষণ এই টাকায় কোনোভাবেই সম্ভব নয়। তাই অবিলম্বে আমাদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে।"
সমাবেশবক্তারা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দেশের ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা এখনও বিভাগীয় কর্মচারীর স্বীকৃতি থেকে বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় বাধ্য হয়েই কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে হয়েছে। বক্তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ধর্মঘট অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।