পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু এবং বিআরডিবির সুফলভোগী শারমিন সুলতানাসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম বিল্লাহ। কাউখালী বিআরডিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে দিবসটি উপলক্ষে ২৭ জন সদস্যের মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি গাছের চারা বিতরণ, কিশোরী সংঘের সদস্যদের প্রণোদনার চেক প্রদান এবং শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসব কার্যক্রম গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।