বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। গ্রামের চারটি গুরুত্বপূর্ণ সড়ক এখনো কাঁচা থাকায় প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাগুলো কাঁদায় পরিণত হওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পরে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার দীর্ঘসময় পেরিয়ে গেলেও হোসনাবাদ গ্রামের এসব সড়কে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সর্বস্তরের মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির মধ্যদিয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়াও অনেক সময় কঠিন হয়ে পরে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে হোসনাবাদ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কগুলো বেহাল থাকায় শিশুদের প্রতিদিন কাঁদা-পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এতে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, গ্রামের চারটি কাঁচা সড়ক দ্রুত পাকাকরণ করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পরবে। স্থানীয়রা আরও জানান, হোসনাবাদ গ্রামটি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্যর বাড়ির অদূরেই অবস্থিত। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সড়কগুলো নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য তারা সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।