বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, নদীভাঙন রোধে সরকার ইতোমধ্যে সাড়ে নয়শ' কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুন চর এলাকায় ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, দেশকে আরও সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। আমরা গাছ কাটতে জানি কিন্তু গাছ লাগানোর অভ্যাস এখনো সেভাবে গড়ে ওঠেনি। ফলে জলবায়ু পরিবর্তন, ঝড়, বন্যা ও নদীভাঙনের মতো নানা দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী মোট ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সংসদ সদস্য বলেন, গত চার মাসে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, সারাদেশে মাদকের বিস্তার উদ্বেগজনক। বাবুগঞ্জ দুর্গম এলাকা হওয়ায় বিভিন্ন দিক থেকে এখানে মাদক প্রবেশ করে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার এবং তিনি ব্যক্তিগতভাবে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী যাদের গ্রেপ্তার করবে, তাদের পক্ষে কেউ যেন সুপারিশ না করেন। কেউ তদবির করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, কেন্দ্রীয় যুবদলের আইনবিষয়ক সম্পাদক রবি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল আলম ফকির, আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিরন, আরিফুর রহমান শিমুল শিকদার, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, অহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ছাত্রদল নেতা আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল-আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে রাজগুরু নতুন চর এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।